কৃষি জমিতে জল অপচয় রুখতে স্প্রিংকিলার পাম্পিং মেশিন বসানোর উদ্যোগ নিল চাচোল মহকুমা কৃষি দপ্তর। প্রাথমিকভাবে কৃষকদের এই স্প্রিংকিলার পাম্পিং মেশিন দেওয়ার ব্যবস্থা করেছে চাচোল মহকুমা কৃষি দপ্তর। এই মেশিনের মাধ্যমে জল মাটি থেকে তোলার পর যত্রতত্র অপচয় হবে না।
প্রয়োজনমতো সবজি , ফসলের জমিতে এই জল আধুনিক মেশিনের মাধ্যমে ব্যবহার হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই মেশিন আবার বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে জল অপচয় রোধ অনেকটাই কমবে বলে জানিয়েছে কৃষি দফতরের কর্তারা। পাশাপাশি এই স্প্রিংকিলার পাম্পিং মেশিন ব্যবহারের ফলে চাষীদের জমিতে সেচের ক্ষেত্রেও অনেকটাই পরিশ্রম কমে যাবে।
চাচোল ১ ব্লকের কৃষি দপ্তরের একটি কর্মসূচির মাধ্যমে জমিতে জল অপচয়ের রুখতে স্প্রিংকিলার পাম্পিং মেশিন বিলি করা হয় । রাজ্য সরকারের নির্দেশ মতোই আবেদনকারী কৃষকদের স্প্রিংকিলার পাম্পিং মেশিন দেওয়ার পর তারা জমিতে কিভাবে ব্যবহার করবে, রীতিমতো প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে সংশ্লিষ্ট ব্লকের কৃষি দফতরের কর্তারা।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কৃষি দপ্তরের জেলার উপ-অধিকর্তা অশোক কুমার সাহা, চাচোল ১ ব্লকের কৃষি অধিকর্তা দীপঙ্কর দে, চাচোল ১ ব্লকের বিডিও সমিরন ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এদিন চাচোল ১ ব্লক কৃষি দপ্তরের প্রাঙ্গণে এক কৃষি জমিতে ওই পাম্পিং মেশিন সেট করে কিভাবে জমিতে জল সরবরাহ করা হবে , তা হাতে-কলমে শেখানো হয়। এদিন একশো'র বেশি কৃষকদের আধুনিক এই জল সেচের ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ দেন জেলা এবং চাচোল মহকুমার কিছু দফতরের কর্তারা।

0 Comments