চরম নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো  রবিবার মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর এর কাঠালিয়া এলাকায়।  নিছক পড়শির বিল থেকে মাছ ধরার অপরাধে দুই নাবালক ভাইকে গলা কেটে খুন করার অভিযোগ উঠলো। মৃত দুই ভাইয়ের নাম মানজারুল শেখ (১৫) এবং আনজারুল শেখ (১৩)।



তদন্তে নেমে জেলার পুলিশ সুপার কে. শবরী রাজকুমারের নেতৃত্বে  চিরুনি তল্লাশি চালিয়ে এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়। এই ব্যাপারে পুলিশ সুপার বলেন," আমরা এই খুনের ঘটনার দ্রুত কিনারা করার চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যেই ৮ জনকে আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে।



এর বেশি তদন্তের স্বার্থে এখন কিছু বলা সম্ভব নয়"। স্থানীয়় সূত্রে জানা যায়, বহুদিন ধরেই এলাকার জলাশয় থেকে মাছ ধরাকে কেন্দ্র করে পড়শি সেরফুল শেখ এর সঙ্গে খুন হয়ে যাওয়া ওই দুই নাবালক এর পরিবারের ঝামেলা চলছিল।



এই পর্যন্ত সব ঠিক থাকলেও দিন দুয়েক আগে বাড়ি থেকে মাছ ধরার নাম করে বের হয় ওই দুই নাবালক। তারপর থেকে আর তাদের কোন হদিস মেলেনি। আশেপাশে থেকে শুরু করে আত্মীয়-পরিজনের বাড়িতে খোঁজাখুঁজির পরেও ওই দুই ভাইয়ের সন্ধান না পেয়ে ভেঙে পড়েন পরিবারের লোকজন।



এরপর রবিবার  স্থানীয় একটি বিল থেকে উদ্ধার হয় দুই ভাইয়ের নলি কাটা দেহ। মৃত দুই নাবালকের পরিবারের তরফে স্থানীয় বাসিন্দা সেরফুল শেখের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই মাছ ধরা নিয়ে মৃত দুই নাবালকের পরিবারের সঙ্গে সেরফুলের ঝামেলা চলছিল।



সেই আক্রোশ থেকে সেরফুল এই দুই ভাইকে খুন করেছে বলে অভিযোগ মৃতদের পরিবারের। এদিকে এই ঘটনার পরে ঘটনাস্থলে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায়  র‍্যাফ মোতায়েন করা হয়েছে।