ক্লাবে ঢুকে তান্ডব চালানোর অভিযোগ উঠল বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে। বাধা দিতে গেলে চার জনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার ঝাউডাঙ্গার কাহনকিয়া এলাকায়।




রবিবার দুপুরে বিএসএফ এর বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ করেন আক্রান্তরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কাহনকিয়ার একটি ক্লাবে পিকনিক চলছিল। অভিযোগ রাত সাড়ে ১০ টা নাগাদ আচমকা ঝাউডাঙ্গা বিওপি এর ১৫৮ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এর ৮-৯ জন জওয়ান ক্লাবে ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে। ক্লাবের চেয়ার-টেবিল বাকি আসবাবপত্র সমস্ত ভাঙচুর করা হয়।




এমনকি দরজা জানলা ভেঙে দেওয়া হয়। ক্লাবের চার সদস্য প্রতিবাদ করলে তাদের ঘর বন্ধ করে বেধড়ক মারা হয়। মারের চোটে চারজনের হাত ভেঙে যায়। মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। গুরুতর জখম অবস্থায় তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।  ঝাউডাঙ্গা বিওপি এর 9 জনের নামে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।




গোটা ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, এই প্রথম নয় এর আগেও ওই এলাকায় বিএসএফের গুন্ডামির ঘটনা ঘটেছে। কোন কারণ ছাড়াই বিএসএফ জওয়ানদের মারধর, ভাঙচুর ওই এলাকায় আগেও হয়েছে। তারই পুনরাবৃত্তি হল শনিবার রাতে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে তারা।