গোপন সূত্রে অভিযান চালিয়ে ফেনসিডিল পাচারের আগে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করলো পুরাতন মালদা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬০০ বোতল ফেনসিডিল। যার বর্তমান বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা।



শনিবার গভীর রাতে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ডিসকো মোড় এলাকার রাজ্য সরকার থেকে বিপুল পরিমাণ ওই ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুরাতন মালদা থানার পুলিশ। ধৃতেরা এই ফেনসিডিলগুলো হবিবপুর থানা সংলগ্ন এলাকা হয়ে বাংলাদেশে পাচার করত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।




পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ওহেদুল শেখ, নুর আলিম, কবীর শেখ। প্রথম দুইজনের বাড়ি ফারাক্কা থানার অর্জুনপুর এলাকায়। অপরজনের বাড়ি পুরাতন মালদা মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা এলাকায়। ফারাক্কা থেকে ওই দুই মাদক কারবারি পুরাতন মালদা থানা এলাকায় এসেছিল ফেনসিডিলগুলি পাচার করতে।




সেখান থেকেই এগুলি হবিবপুর সীমান্ত হয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিলসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে।