করোনা আবহের জেরে বদলে গেছে পুজোর আয়োজন। মুখে মাস্ক, হাতে গ্লাভস ও মাথায় টুপি পড়ে পুজো করলেন পুরোহিত। ভিড় না করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের বদলপুরে করম পুজো করল আদিবাসী সম্প্রদায়ের মানুষরা।



 গোটা পুজোতেই ছিল সচেতনতার বার্তা। প্রত্যেক বছর ভাদ্র মাসের প্রথম পূর্নিমায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই করম পুজো করে থাকেন। এই পুজোর মাহাত্ম বিশেষ করে একটি গাছকে পুজো করে এই সম্প্রদায়ের মানুষেরা। গাছের মাধ্যমে প্রকৃতির পুজো করা হয়। সারাদিন উপবাস থাকেন তারা।



তবে অন্যান্যবারের তুলনায় এবারে পুজোর আয়োজনে ছিল না কোন জাঁকজমক। করোনা ও লকডাউনের জন্য  বদলে গেছে এবারের করম পুজোও। প্রত্যেক বছর আশপাশের গ্রাম থেকে নাচের দল এই পুজোয় অংশ নিত। পুজো চলাকালীন চলত নাচ। তবে এবার একটি মাত্র নাচের দলকে রাখা হয়েছিল।



পুরোহিত থেকে সকলের মধ্য ছিল সামাজিক দূরত্ব। সকলেই মাস্ক পড়ে ও সরকারি স্বাস্থ্যবিধি মেনে পুজোয় অংশ নেন। এছাড়াও মাস্ক ছাড়া পুজো চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।



 কিছু বাদে বাদেই স্যানিটাইজ করা হচ্ছিল পুজো মণ্ডপ চত্বর। পুজো উদ্যোক্তাদের বক্তব্য করোনা পরিস্থিতিতে এবছর কোনরকম জাঁকজমক করা হয়নি যেটুকু নিয়ম রয়েছে ততটুকুই করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে পুজো উপাচার হয়েছে।