নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মৌলিহাটি জল ট্রাঙ্কের কাছে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার। দেহের কিছুটা দুরে রাস্তার পাশে অক্ষত অবস্থায় পড়েছিল বাইক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।
এ দিন রাত পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে এটি ভোর রাতের ঘটনা। দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ। বছর খানেক আগে এই এলাকার তিউরিয়াতে উদ্ধার হয় স্বামী স্ত্রীর জোড়া দেহ। ফের দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। যে বাইকটি পাওয়া গেছে দেহের পাশে সেটির নাম্বার দেখে বাইকটি কার তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে মৃত্যুর সঠিক কারণ জানতে। তবে যেভাবে দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তাতে এটি একটি খুনের ঘটনা বলে মনে করা হচ্ছে।

0 Comments