সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বহরমপুরের রাধারঘাট এলাকা রণক্ষেত্রের চেহারা নিল বৃহস্পতিবার। বোমাবাজিতে ৩ নাবালক সহ গুরুতর জখম কমপক্ষে ১০জন। কয়েকজন মহিলাও জখম হয়েছেন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় জানা গিয়েছে, রানিনগর গ্রামে পুকুরপাড়ে প্রাচীর তুলছিল রাকিবুল শেখের পরিবার। সেইসময় তাঁর প্রতিবেশীরা কাজে বাধা দেয়। ওই জমি নিজেদের বলে তারা দাবি করে। তা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ শুরু হয়ে যায়। এরপর হঠাৎ করেই ভিড়ের মাঝে রাকিবুল শেখের পরিবারের লোকজনদের ওপর বোমা ছোঁড়া হয়। তাতে পরিবারের সকলেই জখম হয়েছেন।
গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। গ্রামে উত্তেজনা থাকায় বহরমপুর থানার পুলিস মোতায়েন রয়েছে। অভিযুক্তদের ধরপাকড় শুরু হয়েছে। মুর্শিদাবাদের পুলিস সুপার কে শবরী রাজকুমার বলেন, পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।

0 Comments