গাড়ির মাথায় লাগানো নীল বাতি। সামনে বোর্ডে লেখা গভর্মেন্ট অফ ইন্ডিয়া। গাড়ি আটকাতেই চোখ কপালে উঠলো পুলিশের। গাড়ি থেকে বেরোলো দেড়শ কিলো গাঁজা যার বাজার দর প্রায় 10 লক্ষ টাকা গোটা ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে বারুইপুর জেলা পুলিশ ধৃতরা হল, কৌশিক সামন্ত, জাহাঙ্গীর মোল্লা এবং গফ্ফর মোল্লা। তিনজনকেই বৃহস্পতিবার আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই দলটির উপর নজর রাখা হয়েছিল। ওড়িশার জলেশ্বর থেকে বারুইপুর যাওয়ার পরিকল্পনা ছিল এই তিনজনের। একটি গাড়িতে নীল বাতি এবং গভর্মেন্ট অফ ইন্ডিয়া বোর্ড লাগিয়ে সেখান থেকে রওনা দেন তাঁরা। মোবাইল ট্র্যাক করে এই তিনজনের রুট জানতে পারেন অফিসাররা।
সেই মত কামালগাজির মুখে অপেক্ষা করছিলেন বারুইপুর পুলিস জেলার স্পেশাল অপারেশন গ্রুপের অফিসাররা। সাথে নরেন্দ্রপুর থানার পুলিশ। পৌনে বারোটা নাগাদ এই গাড়িটি সেখানে আসতেই গার্ড রেল গার্ড দিয়ে আটকানো হয়। কিন্তু সেটি ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই রাস্তায় আড়া আড়িভাবে পুলিশ নিজেদের গাড়ি দাঁড় করিয়ে দেয়। এরপর আর পালানোর পথ না থাকায় শেষ পর্যন্ত ধরা পড়ে যায় ওই তিনজন।

0 Comments