রাস্তার জমা জলে তড়িতাহত হয়ে মৃত্যু হল দুজনের। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বি গার্ডেন থানা এলাকার একটি সরকারি আবাসনের সামনের রাস্তায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সুমন শর্মা এবং শ্রীকান্ত দাস।



সুমন বি গার্ডেন থানা এলাকার লক্ষ্মীনারায়ণতলা এবং শ্রীকান্ত শ্যামময়ী রোডের বাসিন্দা। সুমন পেশায় টোটোচালক। এদিন সে ও তার বন্ধু শ্রীকান্ত একটি বাড়ির কাজে ও গঙ্গায় স্নান করতে যাচ্ছিল। বর্ষার জলে ওই রাস্তা এমনিতেই ভর্তি ছিল। তাছাড়া এদিন জোয়ারের জল উঠে পড়েছিল রাস্তায়।



আগে থেকেই পোস্টের ওভারহেডের বিদ্যুৎবাহিত তার সেইখানে পড়েছিল। এরা সেই তার কেউই দেখতে পাননি। সেখানে পৌঁছোতেই এরা দু'জন তড়িতাহত হয়ে জলে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকে স্থানীয় বাসিন্দারা নিয়ে যান হাওড়া জেলা হাসপাতালে। সেখানে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়।