একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে লক্ষাধিক টাকা লুট করলো দুষ্কৃতীরা । বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের স্কুলপাড়া এলাকায়। ওই এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম।



এদিন সকালে এটিএম লুটের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে তদন্তে যান মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের প্রাথমিক অনুমান প্রায় ৮ লক্ষ টাকা ওই এটিএম থেকে লুট করেছে দুষ্কৃতীরা।  গ্যাস কাটার মেশিন ব্যবহার করেই এটিএম যন্ত্রটি বিকল করার পর টাকা লুট করা হয়েছে। পুরো ঘটনার বিষয়ে সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।




গত কয়েক মাসের মধ্যে মালদায় পরপর বেশ কয়েকটি এটিএম লুটের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। কয়েক মাস আগে মালদা শহরের ফুলবাড়ী, স্টেশন রোড এবং গাজোল এলাকাতেও এটিএম লুটের ঘটনা ঘটেছে।



 সেইসব ক্ষেত্রে তদন্ত চালাচ্ছে সংশ্লিষ্ট থানার পুলিশ । তবে এই ঘটনার পিছনে একটি বড় দুষ্কৃতীদের চক্র কাজ করছে তা প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।