স্ত্রীকে নিয়মিত অত্যাচার করতেন তিনি।আর এই অপরাধেই সালিশি সভা বসিয়ে আব্দুল কালামের মাথা ন্যাঁড়া করে গ্রাম ঘোরানোর মতো মধ্যযুগিয় ঘটনা ঘটল। শনিবার  গ্রাম ঘোরানোর আগে রাস্তার লাইট পোস্টের সাথে তাঁর হাত এবং কোমড় দড়ি দিয়ে বেঁধে চলল মাথা ন্যাঁড়া করার কাজ।গ্রামের কয়েক জন মাতব্বরদের  আইন হাতে তুলে নেওয়ার সেই দৃশ্য রাস্তায় দাঁড়িয়ে দেখলেন গ্রামবাসীরা। 


শাসন থানা এলাকার এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।আর এই ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃনমূল নেতৃত্বেরও।শাসন থানার পুলিশ জানিয়েছে রবিবার সন্ধ্যা পর্যন্ত এই বিষয়ে কেউ থানায় অভিযোগ করেন নি।অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। 


স্থানীয় সূত্রে জানা গেছে শাসনের দাদপুর পঞ্চায়েতের পাকদহ গ্রামে স্ত্রীকে নিয়ে থাকেন আব্দুল কালাম।অভিযোগ প্রায়ই নেশা করেন তিনি।নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসেই স্ত্রীর সাথে শারীরিক এবং  মানসিক নির্যাতন চালাতেন বলেই অভিযোগ আব্দুল কালামের বিরুদ্ধে।