হেলমেট না পরার মাশুল প্রাণ দিতে হলো দুই বাইক আরোহীকে। আশঙ্কাজনক আরো দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার আলাল গ্রাম পঞ্চায়েতের পাহারাভিটা এলাকার ৮১ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুজনের নাম বিক্রম কড়া (২৫) এবং সুকুমার কড়া (২৮)। আহতরা হলো বিশ্বজিৎ মোদি (২৪) এবং সঞ্জিত কড়া (২২)।
এদের প্রত্যেকের বাড়ি গাজলের মারিয়াকুন্ডু এলাকায় । শনিবার করম পূজা উৎসব উপলক্ষে এক আত্মীয়কে নিয়ে মোটর বাইকে করে ঘুরছিলেন। ওই মোটরবাইকে মোট চারজন ছিলেন। দ্রুতগতিতে মোটরবাইকটি সজোরে দাঁড়িয়ে থাকা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরিতে ধাক্কা মারে।
এরপর মোটরবাইকটি দুমড়ে-মুচড়ে যায় । চারজনই মোটর বাইক থেকে ছিটকে অন্তত ১০ থেকে ১৫ মিটার দূরে গিয়ে পড়ে। এই দুর্ঘটনার পর এলাকার লোকজন ছুটে আস। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। ওই চারজনকে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুই জনের মৃত্যুর কথা জানিয়ে দেয়। পরে বাকি আহত দুই জনকে মালদা মেডিকেল কলেজের চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ট্রাফিক নিয়ম ভেঙে একই মোটরবাইকে চারজন ছিলো। কারোর মাথায় হেলমেট ছিল না । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এরা নেশাগ্রস্থ অবস্থায় ছিল । মোটরবাইকটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। সেটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

0 Comments