হাওড়ার লিলুয়ায় রেল কলোনি আবাসনের ছাদের একাংশ ভেঙে গুরুতর জখম হল এক নাবালিকা। জখম ছাত্রীর নাম পিঙ্কি কুমারী। গোটা ঘটনায় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেল কলোনি আবাসনের বেহালদশা। একাধিকবার আবেদন-নিবেদনের পরও বিন্দুমাত্র সংস্কার হয়নি।
এছাড়া আরও বেশ কিছু সমস্যা রয়েছে সেগুলোর কোনো সুরাহা হয়নি যার জেরে এদিন দুর্ঘটনা ঘটলো। বাসিন্দাদের আশঙ্কা, অবিলম্বে সংস্কারের ব্যবস্থা না করলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার লিলুয়ার ওই রেল আবাসনের একতলা বিল্ডিং এর রান্নাঘরের ছাদের একাংশ হঠাৎই ভেঙে পড়ে।
রান্নাঘরের ছাদ ভেঙে পড়ায় গুরুতর আহত হয় বছর ১৪ বয়সী পিঙ্কি। তার পায়ে চোট লাগে। ঘটনাস্থলেই সে অজ্ঞান হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিনের এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। এদিন খবর পেয়ে সেখানে ছুটে যান এলাকার প্রাক্তন কাউন্সিলর কৈলাস মিশ্র। তাঁর অভিযোগ আবাসনের সংষ্কারের জন্য রেল আবাসিকদের কাছ থেকে টাকা কাটে। রেলের গাফিলতির জন্যই এই দুর্ঘটনা।
বাসিন্দাদের দাবি অবিলম্বে এই কোয়ার্টারগুলো সারানোর ব্যবস্থা করতে হবে। মঙ্গলবার এই নিয়ে রেল কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়া হবে।

0 Comments