করোনার জেরে এবার দু দিনের জন্য বন্ধ হয়ে গেল বাঁকুড়ার মাচানতলা এলাকায় থাকা স্টেট ব্যাঙ্কের প্রধান শাখা।  দিন কয়েক আগে এই ব্যাঙ্কের কয়েকজন কর্মীর শরীরে হালকা জ্বরের উপসর্গ দেখা দেয়।  এরপরই ওই ব্যাঙ্কের সমস্ত কর্মীর লালারসের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্কের ওই শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।


এরপর স্বাস্থ্য দফতরের উদ্যোগে মঙ্গলবার ব্যাঙ্কের ওই শাখায় কর্মরত ২৪ জন কর্মীর লালারস সংগ্রহ করা হয়৷ বুধবার সন্ধ্যায় ওই ২৪ জনের লালারসের নমুনা পরীক্ষার ফল হাতে আসে ব্যাঙ্ক কর্তৃপক্ষের। জানা যায় ওই শাখায় কর্মরত ২৪ জন কর্মীর মধ্যে ১৯ জন করোনা পজিটিভ।


এরপরই আক্রান্তদের হোম আইসোলেশনে পাঠানো হয়। এদিকে একসাথে এতজন কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট আসায় তড়িঘড়ি ব্যাঙ্কের ওই শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে  বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাঙ্কের ওই শাখায় লেনদেন সহ সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে।