মণীশ সিসোদিয়া শুক্রবার দাবি করেন যে দিল্লীর আবগারি নীতি নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো তার কম্পিউটার, মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে। কর্মকর্তাদের আচরণ ভালো বলেও জানান তিনি।

সিসোদিয়া বলেন "তাদের (সিবিআই) আচরণ ভাল ছিল। তারা আমাকে এখনও কোনো তদন্তের জন্য ডাকেনি। তারা আমার কম্পিউটার এবং ব্যক্তিগত ফোন বাজেয়াপ্ত করেছে। তারা কিছু ফাইলও কেড়ে নিয়েছে‌।" তিনি সাংবাদিকদের বলেন যে তিনি এবং তার পরিবার তদন্ত সংস্থাকে সহযোগিতা করেছেন। তিনি আরও বলেন "আমরা কোনো অন্যায় বা কোনো দুর্নীতি করিনি। তাই আমরা কোনো কিছুকে ভয় পাই না।"

তিনি দাবি করেন যে সিবিআইকে শীর্ষ স্তর থেকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং অপব্যবহার করা হচ্ছে। তিনি বলেন "সবাই জানে কীভাবে সিবিআই ব্যবহার করে দিল্লি সরকারের ভাল কাজগুলি বন্ধ করা হচ্ছে। তবে ভাল শিক্ষা এবং স্বাস্থ্য প্রদানের কাজ চলবে এবং দিল্লি সরকার থামবে না।"

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি.কে. সাক্সেনা দিল্লীর আবগারি নীতিতে কথিত অনিয়মের জন্য সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন। পরে প্রত্যাহার করা নীতিতে অনিয়ম দাবি করে মুখ্য সচিব সাক্সেনাকে চিঠি দেওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন যে দিল্লী সরকারের শিক্ষা নীতি বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে বলে অভিযানের নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একটি নিবন্ধের উল্লেখ করে সরকারের কাজের প্রশংসা করেন এবং বলেছেন কেন্দ্র চায় AAP দিল্লির মানুষের জন্য কাজ করা বন্ধ করুক। তিনি সিসোদিয়াকে বিশ্বের সেরা শিক্ষামন্ত্রীও বলেছেন।এদিকে বিজেপি বলেছে এটি সিসোদিয়ার বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ নয়। দলটি এএপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে।