বেহালা ১২৩ নম্বর ওয়ার্ডের মনোনীত বিজেপি প্রার্থী শর্মিষ্ঠা ভট্টাচার্যের সমর্থনে রবিবার জনকল্যাণ এলাকায় পায়ে হেঁটে প্রচার সারলেন দিলীপ ঘোষ।
এখানে এসে দিলীপ ঘোষ বলেন, 'আমরা চাই কলকাতার সমস্যার সমাধান হোক। সিপিএম অনেক বছর চালিয়েছে তারপর টিএমসি প্রায় ১৫ বছর। কিন্তু সাধারণ সমস্যার সমাধান এখনও পর্যন্ত হয়নি। আর তার সাথে হিংসা-দুর্নীতি তো রয়েছেই। দেশের বড় বড় কর্পোরেশন বিজেপি চালায়, সেই সব অভিজ্ঞতা আমাদের আছে, তাই আমরা চাই মানুষের সেবা করতে এবং আধুনিক কলকাতা তৈরি করতে চাই। আমরা ইতিমধ্যে ৫০ জন মহিলাকে ক্যান্ডিডেট করেছি এবং তারা সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছে।
দিলীপ ঘোষ আরও বলেন, 'লড়াই সব সময় কঠিন; তৃণমূলের জন্যও কঠিন, আমাদের জন্যও কঠিন। সমাধান মানুষ করবে। আমরা মানুষের জন্য কাজ করতে প্রস্তুত তাই পার্থ চট্টোপাধ্যায় এলাকায় আমি কাল থেকে প্রচার করছি। উনি হাঁটতে পারেন না, তাই উনি কোথাও যেতে পারছেন না। ওনারা ভাবছে মানুষকে চমকে ধমকে ভোট করাবে, কিন্তু তা হবে না। পশ্চিমবঙ্গের মানুষ বেশিদিন এসব সহ্য করবে না।
শুধু বেহালায় নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পুরসভা ভোটের আগে পোস্টার ছিঁড়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল, অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির। তিনি বলেন, 'আমরা আশা করব শান্তিপূর্ণ ভোট হবে পুরসভায়।'
তৃণমূলের মুখপত্রে জয় গোস্বামীর লেখা ও জয় গোস্বামীর ফিরহাদ হাকিম সম্পর্কে প্রশংসা করা নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'প্রশংসা যে কেউ করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়েও অনেকের প্রশংসা করেছেন, বুদ্ধিজীবী সুশীল সমাজের লোকজন যারা ছবি আঁকতেন তারা আজকে কোথায়? তাদের পেট ভরে গেছে। যাদের পেট ভরেনি তারা আবার রাস্তায় নেমেছে।'
0 Comments