আসানসোল ৮ মাস পর আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আসানসোল এসেছিলেন। দুদিন থেকেই আবার চলে গেছেন। মাঝের এই দুদিনে কুলটি রানীগঞ্জ ও আসানসোলে দলীয় অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানান দাবি করেছেন বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে আসানসোলের মেয়র জানালেন সর্বৈব মিথ্যে কথা বলে গেছেন বাবুল সুপ্রিয়।


জিতেন্দ্র তেওয়ারির দাবি, কুলটির জলপ্রকল্প থেকে শুরু করে আসানসোলের যা যা উন্নয়ন হয়েছে সব কিছুকেই বাবুল সুপ্রিয় বলেছেন তিনি করেছেন। আগামী দিনে হয়ত ইন্ডিয়া গেটকেও বলবেন তিনিই বানিয়েছেন।


বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় বলেছিলেন তৃণমূলকে আঙুল তুলি হুঁশিয়ারি দিচ্ছি, ধনকড়জিকে নিয়ে বলার আগে দুবার ভাববেন, উনি একজন বরিষ্ট আইনজীবি। উনি অসংবিধানিক কিছু বলবেন না।


এর প্রত্যুত্তরে বৃহস্পতিবার জিতেন্দ্র তেওয়ারি বলেন,  "রাজ্যপাল আইনজীবী এটা ঠিক। কিন্তু আইনজীবীর সঙ্গে সঙ্গে তিনি রাজ্যপাল হওয়ার জন্য লাইনজীবী। মোদির সঙ্গে লাইন করে এখানে টিকে আছেন। বিজেপি ও সংঘ পরিবারের সঙ্গে লাইন করে এখানে টিকে আছেন সেটাও দেখতে হবে। উনি সবার সঙ্গে লাইনটা তৈরি করেছেন বলেই আমাদের সাংসদের এত প্রিয়।" 


পাশাপাশি বাবুল সুপ্রিয় সম্পর্কে কটাক্ষ করে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "এক ধরনের পাখি আছে বুলবুল পাখি। সে যখন রেগে যায় তখন জোরে জোরে কথা বলে। বাবুল সুপ্রিয় সেরকম এখন জোরে জোরে কথা বলছেন। প্রতিটি অসত্য কথা। তাই বাবুল সুপ্রিয়কে আর বাবুল সুপ্রিয় না বলে বুলবুল সুপ্রিয় বলে ডাকা উচিত।"