২০১৯ লোকসভা
নির্বাচনে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলার পর থেকেই বিজেপি বাংলা দখলে কোমর বেঁধে
নেমে পড়ে। কিন্তু এখনও তেমন কোনও মুখ খুঁজে পাচ্ছে না বিজেপি, যিনি মমতা
বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হতে পারেন।
২০২১-এ বঙ্গ বিজয়ে দলের মুখ নিয়ে বিব্রত বিজেপি ভাবছে বিকল্প নানা নাম
নিয়েই। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো আছেনই। তিনি সভাপতি, তাঁর নেতৃত্বে
নির্বাচনে লড়বে বিজেপি, তিনি তো স্বাভাবিক রূপে দলের মুখ হবেন। কিন্তু
মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কে হবেন যোগ্যতম তা খুঁজতে নাজেহাল অবস্থা গেরুয়া
শিবিরে।
এই পরিস্থিতিতে সামনে এসে গেল এক নাম। তিনি তথাগত রায়। আগে বিজেপির রাজ্য
সভাপতিও ছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। এখন তিনি মেঘালয়ের রাজ্যপাল। তবে
সম্প্রতি তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। করোনার জন্য তিনি এখনও রাজ্যপালের দায়িত্ব
রয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতেও তিনি বাংলার রাজনীতির সমস্ত খবর রাখেন।
সম্প্রতি দিলীপ ঘোষকে তিনি গোমূত্র পান ও দুধে সোনা নিয়ে কটাক্ষ করেন। তিনি
বুঝিয়ে দেন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী পদের যোগ্য নন। বরং তিনি ২০২১-এর নজর রেখে
সক্রিয় রাজনীতিতে ফেরার বার্তা দিয়েছেন। বিজেপির অন্দরমহলে তাঁকে নিয়ে আলোচনা শুরু
হয়ে গিয়েছে। বিজেপির একটা অংশ তো তাঁকে স্বাগত জানাতে তৈরি বলেও জানা গিয়েছে।

0 Comments