মিড ডে মিলের চাল কম দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা।প্রধান শিক্ষক কে অফিস ঘরে আটকে রেখে তালাও দিয়ে দেন স্থানীয়রা।পাশাপাশি ভাঙচুর করা হয় স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িও।
বুধবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কোঁচপুকুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় অভিযুক্ত শিক্ষকের নাম আব্দু মতিন মোল্লা। চাল চুরির অভিযোগের তদন্ত শুরু করেছে প্রশাসন।
চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত কোঁচপুকুর প্রাথমিক বিদ্যালয়ে এদিন সরকারি নির্দেশে সকাল থেকে পড়ুয়াদের মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছিল।
সরকারি নিয়ম অনুযায়ী মাথা পিছু দু কেজি করে চাল, দু কেজি করে আলু এবং এক কেজি করে ছোলা দেওয়ার কথা।অভিযোগ, প্রধান শিক্ষক ও পঞ্চায়েত সদস্যের স্বামী দুজনে মিলেই দু কেজির পরিবর্তে আলু এবং চাল তিনশো গ্রাম করে কম দিচ্ছিলেন।ছোলাও ২৫০ গ্রাম করে কম দিচ্ছিলেন।অভিভাকরা ওজনে কারচুপি দেখেই প্রধান শিক্ষককে ঘিরে ধরেন তিনি কেন এমনটা করছেন তা জানতে চান।শিক্ষক অবশ্য সদুত্তর দিতে পারেননি।
এরই মাঝে পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামী গ্রামবাসীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যান।তখনই উত্তেজিত জনতা পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায়।কয়েকজন উত্তেজিত জনতা ইট ছুঁড়ে ওই সদস্যের বাড়ির জানলার কাঁচ ভেঙে দেয়।বাড়ির বাইরে থাকা বাইকও ভাঙচুর করা হয়।
ঘটনায় পুলিশ উত্তেজনা থামাতে লাঠি নিয়ে তেড়ে গেলে বিক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশের ওপর চড়াও হয়। পুলিশের গাড়ির কাঁচ ভাঙে, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে জনতা।দুজন পুলিশ কর্মী আহত হন।পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

0 Comments