মারা গেলেন  প্রাক্তন ভারতীয় ওপেনার চেতন চৌহান। রবিবার ৭৩ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।গত ১২ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উত্তরপ্রদেশ সরকারের এই ক্যাবিনেট মন্ত্রী। এরপর ক্রমাগত চিকিৎসাধীন থাকলেও করোনার থাবা থেকে মুক্ত হতে পারেননি তিনি, উলটে কিডনিতে নতুন করে সংক্রমণ হয় তাঁর। 

সবমিলিয়ে মাল্টি অরগ্যান ফেলিওরের কারণেই প্রাক্তন জাতীয় ওপেনারের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাত থেকেই চেতন চৌহানের শারীরীক অবস্থার ভীষণ অবনতি হয়। চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে রাখেন।ডিডিসিএ-র এক সিনিয়র অফিসার শনিবার পিটিআই-কে জানিয়েছিলেন, তিনি চৌহানের স্বাস্থ্যের প্রতি নজর রেখে চলেছেন। 

কিডনির সমস্যার পাশাপাশি প্রাক্তন ক্রিকেটারের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গও বিকল হয়ে পড়েছে বলে জানান তিনি। তবুও চৌহান এই যুদ্ধে জয়ী হবেন বলে আশাপ্রকাশ করেছিলেন তিনি। কিন্তু তা আর সম্ভব হল না।