গৃহপ্রবেশের পরের দিনই ফ্ল্যাটের নিচ থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়া স্তম্ভিত কাঁচড়াপাড়া বাসী। দানা বেঁধেছে রহস্য। জানা গিয়েছে, কাঁচড়াপাড়ার ঘটকপাড়া রোডের বাসিন্দা বছর পঁয়তাল্লিশের প্রদীপ পাত্র-র দেহ এ দিন তারই ফ্ল্যাটের নীচ থেকে উদ্ধার করে বীজপুর থানার পুলিশ।




পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যানীতে থাকতেন প্রদীপ বাবু। সেই জায়গা ছেড়ে কাঁচড়াপাড়ার ঘটকপাড়া রোডে নতুন ফ্ল্যাটে আসেন। এখানে তাঁর পৈতৃক ভিটেতেই ফ্ল্যাট পেয়েছিলেন প্রদীপ বাবু। একাই থাকছিলেন আপাতত। সোমবার গৃহপ্রবেশের পুজো ছিল সেই ফ্ল্যাটে। প্রতিবেশীরাও তা জানতেন। পুজোর পর ফ্ল্যাটে তালা দিতে বেরিয়ে যান প্রদীপবাবু।



 কিন্তু এ দিন সকালে ওই ফ্ল্যাটের নীচ থেকে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতদেহের পাশে পড়েছিল ফ্ল্যাটের চাবি। দেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর পাঠায় বীজপুর থানায়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। উদ্ধার করা হয়েছে ফ্ল্যাটের চাবিও।




এই মৃত্যু নিয়ে সন্দেহ রহস্য দানা বেঁধেছে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা নিয়ে যেমন রহস্য দানা বেঁধেছে তেমনি তার দেহ ওই স্থানে কিভাবে এল তা নিয়েও রহস্য ঘনীভূত হয়েছে। এই রহস্য ভেদ করতে ইতিমধ্যেই বীজপুর থানার পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে। পুলিশ সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না। তবে পুলিশের প্রাথমিক অনুমান আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হতে পারে।