সাংসারিক অশান্তির জেরে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেনl আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক।মৃত যুবকের নাম বিকাশ ঘোষ,বাড়ি নবদ্বীপ পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পলতাঘাট রোড অন্নপূর্ণা তলা এলাকায়। বিকাশবাবু ওরফে বাবন পেশায় গাড়ি চালক ছিলেন।


জানা যায়, সম্প্রতি সাংসারিক অশান্তির জেরে বিকাশবাবু স্ত্রী দুই সন্তানকে নিয়ে নবদ্বীপ থানার মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের শিমুল গাছিতে তার বাপের বাড়ি চলে যান।এরপরই মানসিকভাবে ভেঙে পড়েন বিকাশ। সোমবার সন্ধ্যায় বিকাশবাবু গাড়ি নিয়ে বাড়িতে ফেরেন এবং স্বাভাবিক আর পাঁচটা দিনের মতো রাতের খাওয়া-দাওয়া করে নিজের ঘরে চলে যান। মঙ্গলবার সকালে বহু ডাকাডাকি করেও ঘর থেকে তার সাড়া না পেয়ে জানলা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির অন্যান্য সদস্যরা।


 পরিবার ও স্থানীয় বাসিন্দা মারফত খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকাশ বাবুর দেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।