রেল সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে নদিয়ায় রানাঘাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে এক ব্যক্তিকে। জানিয়েছে ,ধৃতের নাম আনন্দ মণ্ডল। রবিবার তাকে গ্রেপ্তার করার পর রানাঘাট মহকুমা আদালতের বিচারকের নির্দেশে বর্তমানে চারদিনের পুলিশ হেফাজতে রয়েছে ওই ব্যক্তি।
তার আসল বাড়ি উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাসিন্দা সাম্প্রতিককালে রানাঘাট শহরের ডনবক্স পাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে ছিল। তার বিরুদ্ধে অভিযোগ , নিজেকে একজন রেলের পদস্থ আধিকারিক পরিচয় দিয়ে, একাধিক মানুষকে রেল সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়েছে সে। এমনকি ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েও টাকা তুলেছে। যদিও দীর্ঘদিন ধরে ঘোরাঘুরি করেও ওই ব্যক্তির প্রতিশ্রুতি মত কাজ পাননি কেউই ।
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে কয়েকজন পুলিশের দ্বারস্থ হয় । রানাঘাট থানার পুলিশের কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন একজন । প্রতারণার সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রানাঘাট থানার পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে । এরপর রানাঘাট মহকুমা আদালতে তাকে তোলা হলে বিচারক তাকে চারদিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।
নিজেদের হেফাজতে নিয়ে রানাঘাট থানার পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করতে থাকে তাকে । পুলিশের কাছে প্রতারণার কথা স্বীকার করেছে ওই ব্যক্তি । পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

0 Comments