করোনা আক্রান্ত বাস যাত্রীদের চিহ্নিত করতে বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ডে করোনার নমুনা সংগ্রহের জন্য কিয়স্ক বসানোর পরিকল্পনা নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বাস যাত্রীদের মাধ্যমে ছড়াতে পারে করোনার সংক্রমণ। এই আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত বলে জানা যায়।
সেখানে নিয়মিত বাসযাত্রী ও বাসকর্মীদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হবে। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী সাংবাদিকদের জানান, ‘নবাবহাট বাসস্ট্যান্ডে যাত্রী ও বাসকর্মীদের করোনা পরীক্ষার অ্যান্টিজেন টেস্ট করানো হবে। এছাড়াও বেশ কিছু সাবধানতা অবলম্বনের ব্যবস্থা করতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় সংক্রমিত হয়েছেন ৮৬ জন।
এর মধ্যে বর্ধমান পুরসভার আউশগ্রাম ১নং ব্লকে এবং জামালপুরে আক্রান্তের সংখ্যা বেশি। বর্ধমান পুরসভা এলাকায় রয়েছেন ২৩জন, আউশগ্রামে ১২ এবং জামালপুরে ১১জন রয়েছেন। এ নিয়ে জেলায় সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৭১৩। সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ২২৮ জন। চিকিৎসাধীন রয়েছেন ৪৫০ জন।
এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ জনের। জেলায় কনটেইনমেন্ট জোন রয়েছে ৩২৬ টি। গতকাল পর্যন্ত ৫১ হাজার ৮৬০ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৫০ হাজার ৬২০ জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে।

0 Comments