বুধবার সকালে নদীতে মাছ কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে আক্রমণ করলে মৃত্যু হয় এক মুৎস্যজীবী এবং জখম হয় ১ জন।মৃত মৎস্যজীবীর নাম হরিপদ মন্ডল(৪০)।জখম মৎস্যজীবী প্রশান্ত মন্ডল গোসাবা হাসপাতালে চিকিৎসাধীন।


ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের পীরখালি ৪ নম্বর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বালি নয় নম্বর এলাকার বাসিন্দা মৎস্যজীবী হরিপদ মন্ডল,প্রশান্ত মন্ডল সহ আরও ২ জন মৎস্যজীবী গত ৮ আগস্ট একটি নৌকা করে রওনা দেয় সুন্দরবনের নদীতে মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে।


তারা কয়েক দিন মাছ কাঁকড়া ধরতে ধরতে মাছ কাঁকড়া ধরার নেশায় সুন্দরবনের পীরখালি ৪ নম্বরে জঙ্গল লাগোয়া হলদি খালে ঢুকে পড়ে।


সেখানে যখন মৎস্যজীবী হরিপদ মন্ডল তাদের নৌকা থেকে মাছ ধরার জাল জঙ্গলের গাছে বাধার চেষ্টা করছিল।সেই সময় হঠাৎই  একটি বাঘ জঙ্গল থেকে বের হয়ে মৎস্যজীবী হরিপদ মন্ডলকে লক্ষ্য করে টার্গেট করতে থাকে।


জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে থেকে আচমকা বাঘ লাফিয়ে পড়ে মৎস্যজীবী হরিপদ মন্ডলের উপর।বাঘ মৎস্যজীবীর ঘাড়ে কামড় বসিয়ে মুহূর্তের মধ্যে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে।সেই সময় নৌকায় থাকা বাকী সঙ্গীরা লাঠি সোটা নিয়ে বাঘের সাথে লড়াই শুরু করে দেয়।


বেশ কিছুক্ষণ ধরে চলে লড়াই।ঘটনায় জখম হয় মৎস্যজীবী প্রশান্ত মণ্ডল এবং ঘটনাস্থলে মৃত্যু হয় মৎস্যজীবী হরিপদ মন্ডল।এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে বাঘ শিকার  ছেড়ে সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়ে যায়।মৃত মৎস্যজীবীর দেহ উদ্ধার করে গ্রামে ফিরে নিয়ে আসে অন্যান্য মৎস্যজীবীরা।