দেগঙ্গায় গভীর রাতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে দুষ্কৃতী হামলা বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আগুন, ব্যাপক ভাঙচুর। আতঙ্কে পালাতে গিয়ে জখম হয়েছেন এক প্রসূতি সহ বেশ কয়েকজন। কংগ্রেস আশ্রিত দুস্কৃতিরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।
আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য কামালউদ্দিন মন্ডলের অভিযোগ, এলাকায় কংগ্রেস কর্মী বলে পরিচিত রহিম মন্ডল এবং সরিফুল মন্ডলর সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছে। তার জমির একাংশ জোর করে দখল করতে চাইছে রহিম এবং সরিফুল।এই জমিতে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। পার্টি অফিস তৈরিতে বাধা দেয় এই দুজন।
প্রতিবাদ করলে শুক্রবার গভীর রাতে অন্তত 50 থেকে 60 জন দুষ্কৃতী এনে হামলা চালায় রহিম এবং সরিফুল। বাড়ি ভাঙচুরের পাশাপাশি এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। এমনকি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আতঙ্কে পালাতে গিয়ে বেশ কয়েকজন জখম হয়। কয়েকদিন আগেই সন্তানের জন্ম দিয়েছেন কামালউদ্দিনের মেয়ে।
পালাতে গিয়ে তার পেটের সেলাই কেটে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হয়।ঘন্টাখানেক তান্ডব চালানোর পর এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, ঘটনার খবর পাওয়ার পরই বিশাল পুলিশবাহিনী এলাকায় যায়। গন্ডগোলে জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে।

0 Comments