বছর দুই আগে শ্মশান যাত্রীদের সুবিধার জন্য ও স্থানীয় কালী মন্দিরে পুজো পাঠের জন্য মন্দিরের অদূরে বসানো হয়েছিল মিনি সাবমার্সিবল পাম্প। দেড় বছর ধরে স্বাভাবিক ভাবেই চলছিল সেই পাম্প। হঠাৎ মাস ছয় আগে সেই সাবমার্সিবল পাম্প থেকে বেরোতে শুরু করেছে গরম জল।




 জল এতটাই গরম যে তাতে হাত দিলে হাতে পড়ছে ফোস্কা। বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের কাকাটিয়া গ্রামের আজব এই কান্ডে রীতিমত হতবাক স্থানীয়রা।  বিভিন্ন সম্ভাবনার কথা বললেও সুনির্দিষ্ট কি কারনে এমনটা ঘটছে তা বলতে পারছেন না বিশেষজ্ঞরা।সমভূমি এলাকায় এমন ঘটনা ঘটায় বিশেষজ্ঞরা কিছুটা হলেও অবাক।




 তবে এই ঘটনার পিছনে বেশ কিছু সম্ভাব্য ভূতাত্ত্বিক  কারনের কথা উল্লেখ করেছেন তাঁরা। বাঁকুড়া খ্রিষ্টান কলেজের ভূগোলের অধ্যাপক সুব্রত পান বলেন, মাটির গভীরে হাইড্রোকার্বন, তেজস্ক্রিয় মৌল ও মিথেন গ্যাসের আধিক্যের কারনে এই ঘটনা ঘটতে পারে।



অনেক গভীরে থাকা জলস্তরের সঙ্গে যোগ হলেও এই ঘটনা ঘটা অস্বাভাবিক নয়।  কিন্তু এক্ষেত্রে কি হয়েছে তা গবেষনা করে দেখতে হবে।