মাসখানেক আগে করোনা চিকিৎসার ভয়ে পালিয়ে গিয়েছিল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী। দীর্ঘদিন ধরে  জঙ্গলে তল্লাশি চালিয়ে খোঁজ মেলে তার। আর এবার হাসপাতাল থেকে পালিয়ে গেল করোনা আক্রান্ত মহিলা।




 জিটিএ ও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, 34 বছরের ওই মহিলা অসুস্থ হয়ে চলতি মাসের 22 তারিখ দার্জিলিং হাসপাতালে ভর্তি হয়। কিছু উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে তার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়। সেই পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এরপর তাকে ত্রিবেণী কোভিড হাসপাতলে স্থানান্তরিত করা হয়।




পরের দিন অর্থাৎ 23 তারিখ থেকে এই মহিলা করোনা রোগীর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। আচমকাই তিনি হাসপাতাল থেকে বেপাত্তা হয়ে যান। জিটিএর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক দপ্তর এর এক্সিকিউটিভ ডিরেক্টর সামদেম দুপকা জানিয়েছেন, গত তিন দিন ধরে স্থানীয় বিভিন্ন জঙ্গলে ওই মহিলার খোঁজ করা হয়েছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি।




গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তল্লাশি অভিযান চলছে। নিখোঁজ মহিলা করোনা রোগীর মানসিক অবস্থা স্থিতিশীল নয় বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।