নিজের লাইসেন্স রিভলবার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। হাওড়ার ব্যাঁটরায় নটবর পাল রোডে শুক্রবার সকালের ঘটনা। মৃতের নাম অমিত ধর ( ৬৯ )। তিনি একসময় এলাকার নামী ব্যবসায়ী ছিলেন। ধর ফ্যাক্টরি নামের পারিবারিক ব্যবসা ছিল। পরে ব্যবসার অনেকটা অংশ বিক্রি করে দিয়েছিলেন।



 ভালো শ্যুটার হিসাবেও একসময় খ্যাতি ছিল তার। দীর্ঘদিন ধরে স্নায়ুরোগের সমস্যায় চিকিৎসা চলছিল। এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। সম্ভবত এর জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। শুক্রবার সকাল ৭টা নাগাদ নিজের ঘরের মধ্যেই গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।




এই ঘটনায় লকডাউনের সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে ব্যাঁটরা থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। বাড়িতে তার মা, স্ত্রী, ছেলে ও কাজের লোক থাকেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বাড়ির লোকেদের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাইসেন্স রিভলবারটি পুলিশ ঘর থেকে উদ্ধার করেছে।