উত্তরবঙ্গের দুই জেলায় বিজেপি সিপিএমে ধস। মালদা দক্ষিণ দিনাজপুরে তৃণমূলে যোগ ১০০০ কর্মী-সমর্থকের। মালদার চাচোলে  বিজেপি ছেড়ে শতাধিক কর্মী , সমর্থক তৃণমূলে যোগদান করলেন। একই সঙ্গে কংগ্রেস সিপিএম ছেড়ে প্রায় ১০০ জন কর্মী-সমর্থক যোগদান করলেন তৃণমূলে।



রবিবার সকালে চাচোল ২ ব্লকের অন্তর্গত মালতিপুর বিধানসভা কেন্দ্রের ধানগাড়া-বিষাণপুর এলাকায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। স্থানীয় তৃণমূলের কোঅর্ডিনেটর তথা প্রাক্তন বিধায়ক রহিম বক্সী বিজেপি, কংগ্রেস এবং সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেয়া প্রায় ৫০০ কর্মী-সমর্থকের হাতে দলীয় পতাকা তুলে দেন।



স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি চাচোল এবং মালতিপুর বিধানসভা কেন্দ্রের কয়েক হাজার বিজেপি, সিপিএম এবং কংগ্রেস সমর্থক তৃণমূলে যোগদান করতে আগ্রহী। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বড় কোনো যোগদান কর্মসূচী করা হচ্ছে না। আগামী দিনে ছোট ছোট কর্মসূচির মধ্য দিয়ে আরও অনেকে তৃণমূলে যোগ দেবেন।




অন্যদিকে,বালুরঘাট ব্লকের অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা এলাকায় একটি অনুষ্ঠানে বাম ও বিজেপি দল থেকে আসা প্রায় ৫০০ কর্মী যোগদান করল তৃণমূলে। অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের বিজেপি সাধারণ সম্পাদক মিন্টু দাস, বুথ সভাপতি রবিন ওরাও এবং ওই গ্রামপঞ্চায়েতের দ্বিপখন্ডা ও শালগ্রামের বহু বিজেপি ও বামকর্মীরা তৃণমূলে যোগদান করেছে।




এদিনের যোগদান অনুষ্ঠানে জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস জেলা তৃণমূল চেয়ারম্যান শংকর চক্রবর্তী, জেলা কো-অডিনেটর সুভাষ চাকী সহ অন্যান্য তৃণমূল নেতারা হাজির ছিলেন। তৃণমূলে যোগদানকারী কর্মীদের হাতে জেলা সভাপতি পতাকা তুলে দিয়েছেন।