দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মিছিলে চলল হঠাৎ করে গুলি ও বোমা হামলা। শনিবার বিকেলে বুড়িরহাট এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী সম্পূর্ণ নিরাপদ আছেন।তবে গুলি না বোমার আঘাতে কেউ আহত হয়েছেন কি না তা এখনো জানা যায়নি।


স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের একটি জনসংযোগ কর্মসূচি ছিল এবং তৃণমূলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এলে তাকে কালো পতাকা দেখানো হবে।


এই মিছিলে পাথরও ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ তৃণমূল সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এমন সময় হঠাৎ জনবহুল এলাকায় গুলির শব্দ শোনা যায়। বোমাবাজি শুরু হয়। 


বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে এলাকায় ভারী পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু 

পুলিশ ও সিআইএসএফের নিরাপত্তা বেষ্টনীতে কীভাবে এই ঘটনা ঘটল এ নিয়ে প্রশ্ন উঠছে।


 নিশীথ প্রামাণিক এক আলাপচারিতায় বলেন, তৃণমূলের লোকজন হামলা করেছে। বাংলায় ভয়াবহ পরিস্থিতি চলছে। বোমাবাজি হচ্ছে। বিরোধী দলগুলো গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, “বাংলা এখন দুষ্টের রাজ্যে পরিণত হয়েছে। যেভাবে হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা, এটা কখনোই স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ হতে পারে না।"