কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কংগ্রেস দলকে পুনর্গঠনে পুরোপুরি চেষ্টা চালাচ্ছেন। সম্প্রতি দলের সিনিয়র নেতা ও নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকের মাত্র ৩ দিন পর সোমবার আবার প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেন তিনি।
এ বৈঠকে দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। প্রায় ৫ ঘণ্টাব্যাপী এ বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। গত তিন দিনে কংগ্রেস সভাপতির সাথে প্রশান্ত কিশোরের এটি দ্বিতীয় বৈঠক।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধী, অম্বিকা সোনি, পি চিদাম্বরম, জয়রাম রমেশ, কেসি ভেনুগোপাল এবং রণদীপ সুরজেওয়ালাও উপস্থিত ছিলেন।
বলা হচ্ছে যে কংগ্রেস ইতিমধ্যেই ২০২৪ সালে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। প্রশান্ত কিশোর শনিবার অনুষ্ঠিত তার প্রথম বৈঠকে সম্পূর্ণ পরিকল্পনা উপস্থাপন করেছিলেন।
কিশোর, কংগ্রেসকে ২৭০টি লোকসভা আসনে ফোকাস করতে বলেছেন। এর বাইরে অন্যান্য আসনেও জোট গঠনের কথা বলা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, প্রশান্ত কিশোর বিশ্বাস করেন যে উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশায় কংগ্রেসের কারও সঙ্গে জোট বাঁধা উচিৎ নয়। এখানে দলটিকে একাই নির্বাচনের মাঠে নামতে হবে।
একই সাথে প্রশান্ত কিশোর দলের হাইকমান্ডকে জোটের জন্য তামিলনাড়ু, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলির বিকল্পেরও পরামর্শ দিয়েছেন।
৩ দিনের মধ্যে প্রশান্ত কিশোরের দুবার বৈঠক এবং তার ক্রমবর্ধমান তৎপরতা, শীঘ্রই তিনি কংগ্রেস দলে যোগ দিতে পারেন বলে আলোচনা করা হচ্ছে। দল শুধু কিশোরের সঙ্গে যুক্ত হয়ে তার কৌশল ব্যবহার করতে চায় না, তাকে নেতা হিসেবেও ব্যবহার করতে চায়।

0 Comments