কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা ২১ জানুয়ারি শুক্রবার একটি প্রধান ইঙ্গিত দিয়েছেন যে তিনি উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে দলের মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হতে পারেন।

জাতীয় রাজধানীতে একটি সাংবাদিক সম্মেলনে প্রিয়াঙ্কাকে উত্তর প্রদেশের কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেন "আপকো কিসি অর কা চেহরা দেখা রাহা হ ইউপি মে কংগ্রেস পার্টি কি তরফ সে? ফির? দিখ তো রাহা হ না সব জাগাহ মেরা চেহরা।" রাহুল গান্ধীর সঙ্গে প্রিয়াঙ্কা আজ উত্তরপ্রদেশের যুব ইশতেহার চালু করেন। 

প্রিয়াঙ্কা বলেন "যদি কংগ্রেস উত্তর প্রদেশে ক্ষমতায় আসে তবে প্রাথমিক বিদ্যালয়ে ১.৫ লক্ষ শিক্ষক নিয়োগ করা হবে। পেপার ফাঁসের জন্য কঠোর শাস্তি হবে। শিক্ষা বাজেট বাড়ানো হবে।" 

তিনি যোগ করে বলেন "আমরা সরকারি চাকরিতে মেয়েদের জন্য ৪০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করব। রাজ্যে আরও ভাল কর্মসংস্থানের জন্য একটি চাকরির ক্যালেন্ডার তৈরি করা হবে এবং কঠোরভাবে অনুসরণ করা হবে। আমরা স্টার্টআপগুলির জন্য ৫,০০০ কোটি টাকা প্রদান করব। পুলিশ বিভাগে ১ লক্ষ শূন্য পদ পূরণ করা হবে।"

উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন ১০ ফেব্রুয়ারি থেকে সাতটি ধাপে অনুষ্ঠিত হবে। উত্তর প্রদেশে ১০, ১৪, ২০, ২৩, ২৭ ফেব্রুয়ারি এবং ৩ ও ৭ মার্চ সাত ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷ ১০ মার্চ ভোট গণনা হবে।