১৯ শে ডিসেম্বর কলকাতা পুরভোট। এই নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। 


রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই মহামান্য হাইকোর্টের নির্দেশ ক্রমে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। সেই ভাবেই শুক্রবার বিকালে প্রচার পর্ব শেষ হওয়ার পরপরই কলকাতা পুলিশের র‍্যাফের জওয়ানরা কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে রুটমার্চ শুরু করে দিল। 


সেন্ট্রাল ফোর্সের ডেপ্লয় করার জন্য বিরোধীদের দাবী ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট নাকচ করে দিলেও, বিরোধীরা ফের সেন্ট্রাল ফোর্সের দাবীতে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে। সেন্ট্রাল ফোর্স কলকাতা পৌরসভা নির্বাচনে ডেপ্লয় করা হবে কিনা শেষ পর্যন্ত, তা মহামান্য হাইকোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে। 


তবে ইতিমধ্যেই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যৌথভাবে কলকাতা পুরভোটকে সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে সমস্ত রকম পদক্ষেপ চূড়ান্ত করে ফেলেছে। তারই অংশ হিসেবে এদিন প্রচারের শেষ লগ্নে কলকাতা পুলিশের র‍্যাফ ফোর্সের রুটমার্চ নজর কাড়ল শহরবাসীর।