ন্যাশনাল কনফারেন্সের জাতীয় সভাপতি ফারুক আবদুল্লাহ ১৩ ডিসেম্বর সোমবার বলেন ভারতের বিভাজন ছিল একটি ঐতিহাসিক ভুল এবং শুধুমাত্র কাশ্মীরিই নয় সমগ্র মুসলিম সম্প্রদায়কে এর ভুক্তভোগী হতে হয়।

দেশ ভাগের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর বক্তব্যকে সমর্থন করে আবদুল্লাহ বলেন "যদি বিভাজন না হতো তাহলে উভয় সম্প্রদায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে দেশ আরও শক্তিশালী হতো।"

কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধনের সময় আবদুল্লাহ সংসদ চত্বরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন "এটি একটি ভাল খুব ভাল পদক্ষেপ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত সমস্ত ধর্মকে সমান গুরুত্ব দেওয়া কারণ তিনি এমন একটি দেশের প্রধানমন্ত্রী যেখানে অনেক ধর্ম আছে।"

হিন্দু ও হিন্দুত্ব নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিক্রিয়ায় আবদুল্লাহ বলেন "ধর্ম কখনো খারাপ হয় না। মানুষ হয়।" আবদুল্লাহ বলেন তিনি আশা করেন যে "হিন্দু কো আসলি হিন্দু বান্না চাহিয়ে" (হিন্দুদের প্রকৃত হিন্দু হওয়া উচিত) এবং তাদের ধর্ম অনুসরণ করা।

১২ ডিসেম্বর রবিবার প্রতিরক্ষামন্ত্রীও বলেন "ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করা একটি ‘ঐতিহাসিক ভুল’। বাংলাদেশের স্বাধীনতায় সশস্ত্র বাহিনীর অবদান স্মরণে আয়োজিত 'স্বর্ণিম বিজয় পর্ব'-এর উদ্বোধনকালে তিনি ইন্ডিয়া গেট লনে এই পর্যবেক্ষণ করেন।