রাত পোহালেই শহরে পুরভোট। কলকাতা হাইকোর্টের নির্দেশে শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সর্বোপরি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মুহূর্তে সম্পূর্ণ নিরাপদে নির্বাচন করানোই কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। তাই নিরাপত্তা ব্যবস্থায় কোন রকম ফাঁকফোকর রাখতে চাইছে না লালবাজার। 


শনিবার ভোর থেকেই শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে নাকা তল্লাশি এবং পুলিশ পেট্রোলিং। এদিন সকাল থেকে কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং। পূর্ব কলকাতার মুকুন্দপুরে একাধিক হোটেলে তল্লাশি চালায় পূর্ব যাদবপুর থানার পুলিশ। খতিয়ে দেখা হয় হোটেলের রেজিস্টার খাতা। হোটেলে আসা অতিথিদের সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হয় নিউমার্কেট থানার তরফেও। 


এছাড়াও গড়িয়া মোড়, হাওড়া ব্রিজ, চিংড়িঘাটা মোড়, সিথির মোড় সহ কলকাতা শহরে ঢোকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং চালায় স্থানীয় থানা এবং ট্রাফিক গার্ডের আধিকারিকরা। এদিন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাতে দেখা যায় পুলিশকে। ছাড় পাচ্ছেন না বাইক আরোহীরাও। সন্দেহজনক দেখলেই বাইক দাঁড় করিয়ে, সাথে থাকা ব্যাগ তল্লাশি চালায় পুলিশ।