রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় নবরূপে সাজছে কালিয়াগঞ্জ শহর। উজ্জ্বল আলোকবাতির সজ্জায় কালিয়াগঞ্জ শহরকে সাজিয়ে তুলতে শহরের উপর দিয়ে যাওয়া রায়গঞ্জ বালুরঘাট ১০ এ রাজ্য সড়কের চার কিলোমিটার রাস্তায় বসানো হচ্ছে উজ্জ্বল আলোকবাতির স্তম্ভ। গ্রীন সিটি প্রকল্পের দেড় কোটি টাকা ব্যায়ে আলোকিত করে তোলা হচ্ছে কালিয়াগঞ্জ শহরের প্রধান রাজপথ।



২০১৬ সালে কালিয়াগঞ্জ পুরসভায় প্রথম ক্ষমতায় আসে তৃনমূল কংগ্রেস।  তরুন তুর্কি তৃণমূল নেতা তথা কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক পালের নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয় কালিয়াগঞ্জ শহরে। প্রচুর রাস্তাঘাট সহ উন্নতমানের নিকাশি ব্যাবস্থা গড়ে তোলার পাশাপাশি কালিয়াগঞ্জ কুনোড় রোডে ডাবল লেন রাস্তা তৈরি করে উজ্জ্বল আলোকবাতি দিয়ে সাজানোর পর এবার গ্রীন সিটি প্রকল্পের বরাদ্দ দেড় কোটি টাকা দিয়ে কালিয়াগঞ্জ শহরের প্রধান রাজপথ প্রনবানন্দ বিদ্যাপীঠ থেকে হরিহরপুর পর্যন্ত দীর্ঘ ৪ কিলোমিটার ১০ এ রাজ্য সড়কে ডিভাইডার নির্মান সহ উজ্জ্বল আলোকবাতির স্তম্ভ লাগানোর কাজ শুরু করল কালিয়াগঞ্জ পুরসভা। জুন মাসে কালিয়াগঞ্জ পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পূর্বতন চেয়ারম্যান কার্তিক পালকেই কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রশাসক নিযুক্ত করেছেন। পুর প্রশাসক হিসেবেই রাজ্য সরকারের বরাদ্দকৃত উন্নয়নের টাকায় কালিয়াগঞ্জ শহরকে সাজিয়ে তুলছেন পুর প্রশাসক কার্তিক চন্দ্র পাল। কার্তিক বাবু জানিয়েছেন, যেহেতু ওই চার কিলোমিটার রাস্তা রাজ্য পূর্ত দপ্তরের অধীনে রয়েছে। সেকারনে পূর্ত দপ্তরের অনুমোদন নিয়ে ওই রাস্তার মাঝে ডিভাইডার তৈরি করে তার মাঝে উজ্জ্বল আলোকবাতির স্তম্ভ লাগানোর কাজ শুরু করা হয়েছে। আগামী দীপাবলীর আগেই কালিয়াগঞ্জ শহরের প্রধান রাজপথ উজ্জ্বল আলোকবাতির সজ্জায় সাজিয়ে দেওয়া হবে।