ছবি- সংগৃহীত


করোনাভাইরাস পরীক্ষার নতুন কিট আবিষ্কার করেছে জার্মানির কোম্পানি রবার্ট বোচ জিএমবিএইচ। এই কিটের মাধ্যমে মাত্র আড়াই ঘণ্টায় করোনা পরীক্ষা করে রোগীর শরীরে করোনা আছে কিনা সেটি নিশ্চিত হওয়া যাবে।

কোম্পানিটি জানিয়েছে, নতুন এই কিটের মাধ্যমে দু’দিনে নয় বরং মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই রোগীর শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা যাবে।
এই কিট আবিষ্কার করেছে রবার্ট বোচ জিএমবিএইচ কোম্পানির স্বাস্থ্যসেবা বিভাগ। এরইমধ্যে বিভিন্ন হাসপাতাল, ল্যাবরেটরি এবং মেডিকেলে তাদের তৈরি এই কিটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে বলে জানা গেছে।
বোচের বিজ্ঞানীরা এক বিবৃতিতে জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, ব্যাকটেরিয়া এবং অন্যান্য ভাইরাল রোগের পাশাপাশি করোনা শনাক্ত করতেও সক্ষম হবে এই কিট।
আগামী এপ্রিল মাসেই এই কিট জার্মানিতে বাজারজাত করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। তবে বিশ্ববাজারে এই কিট আসতে আরো সময় লাগবে।
বোচের প্রধান নির্বাহী কর্মকর্তা ভল্কমার ডেনার এক বিবৃতিতে বলেছেন, এই কিট ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সংক্রমিত রোগীদের শনাক্ত করা যাবে এরপর খুব সহজেই তাদের আইসোলেট করা যাবে।
কিটটি তৈরি করতে রবার্ট বোচ জিএমবিএইচের সহযোগী প্রতিষ্ঠান ভিভালিটিকের নর্দান আয়ারল্যান্ডের মেডিকেলে সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান র‍্যানডক্স ল্যাবরেটরিস লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করেছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর অন্যতম উপায় হচ্ছে এর সংক্রমণ শনাক্তকরণ। দক্ষিণ কোরিয়া এবং জার্মানির মত দেশে  করোনাভাইরাসে সংক্রমিতদের দ্রুত শনাক্ত করা সম্ভব হওয়ায় এখন পর্যন্ত এই দুই দেশে মানুষের মৃত্যুর হার তুলনামূলক কম।
অন্যদিকে ইতালি এবং যুক্তরাষ্ট্র ধীর গতিতে করোনা সংক্রমণ শনাক্ত করায় দেশ দু’টিতে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।