সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইকে পিটিয়ে মারার দায়ে দুই দাদার যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল কালনা আদালত। এছাড়া সাজাপ্রাপ্তদের ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে আরও ৬ মাস জেল খাটতে হবে তাদের। শুক্রবার কালনা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক তপন কুমার মন্ডল এই সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন অশোক সর্দার ও তাপস সর্দার।



কালনা থানার কেলেনই গ্রামে তাদের বাড়ি। সরকারি আইনজীবী মলয় পাঁজা  জানিয়েছেন, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দুই দাদা পরিকল্পিত ভাবে ভাইকে খুন করে। ১৮ জন মামলায় সাক্ষী দিয়েছেন। যদিও রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন সাজাপ্রাপ্তরা।




পুলিস সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ অক্টোবর খুনের ঘটনাটি ঘটে। মৃতের নাম বিকাশ সর্দার। ঘটনার দিন  বিকাশ স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। সেই সময় দুই দাদা অশোক ও তাপস আচমকা বাঁশ নিয়ে বিকাশের উপর হামলা চালায়। বাঁশের ঘায়ে মাটিতে লুটিয়ে পড়ে বিকাশ।



 মৃত্যু নিশ্চিত করতে ভাঙা টালি দিয়ে বিকাশের মাথায় আঘাত করা হয়। এরপর প্রমান লোপাটের জন্য মৃতদেহের উপর পাটকাঠি চাপিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্বামীকে বাঁচাতে গিয়ে জখম হন মৃতের স্ত্রী। বিকাশের স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।




খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এরপরই মৃতের স্ত্রী কালনা থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিস। দু'বছরের মধ্যে সেই মামলায় সাজা ঘোষনা করল কালনা আদালত। আদালতের রায় নিহতের পরিবার খুশি হলেও আরো করার শাস্তি দাবি করেছেন তারা।