অষ্টম শ্রেণীর ছাত্রকে মাথায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার জগদ্দলে। মৃতের নাম আবদুল ওয়াকার(১৬)। খুনের ঘটনায় নাম জড়িয়েছে ওই এলাকার কুখ্যাত দুই দুষ্কৃতী পঙ্কজ ও সাদ্দামের। স্থানীয় সূত্রে খবর রবিবার সকালে জগদ্দল 5 নম্বর গলি এলাকায় বন্ধুদের সঙ্গে বাইকে বসে গল্প করছিল আব্দুল আচমকাই সেখানে হাজির হয় পঙ্কজ ও সাদ্দামের দলবল।
আব্দুল এবং তার বন্ধুদের দুষ্কৃতীরা রাস্তা থেকে সরে যেতে বলে এই নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা বেধে যায়। হঠাৎই এক দুষ্কৃতী বচসার মধ্যে আব্দুল কে লক্ষ্য করে পরপর দু রাউন্ড গুলি চালায় একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও অন্যটি লাগে আব্দুলের মাথায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আব্দুল।
তাকে ভাটাপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। এদিকে গুলি চালিয়ে দুষ্কৃতীরা এলাকা থেকে পালানোর চেষ্টা করলে এলাকার বাসিন্দারা তাড়া করে একজনকে হাতেনাতে ধরে ফেলেন। গণপিটুনিতে গুরুতর আহত সে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েক জন দুষ্কৃতী কে চিহ্নিত করা গিয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছিল তা জানতে ঐ এলাকায় এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।নিছক বচসার জেরে উত্তেজনাবশত গুলিচালনার ঘটনা নাকি গোটা ঘটনা পূর্বপরিকল্পিত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নিহত স্কুল ছাত্রের সঙ্গে দুষ্কৃতীদের পুরনো কোনো শত্রুতা ছিল কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। অভিযুক্ত দুই দুস্কৃতির বিরুদ্ধে ভাটপাড়া, জগদ্দল শ্যামনগর এলাকায় একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। খুন, ডাকাতি তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দ্রুত তাদের গ্রেফতার করা হবে বলে পুলিশ আশ্বাস দিয়েছে।

0 Comments