প্রায় ৩০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করলো পুরাতন মালদা থানার পুলিশ । শনিবার গভীর রাতে সাহাপুর এলাকার বাইপাস রোডে অভিযান চালিয়ে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০৮ গ্রাম ব্রাউন সুগার। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনের নাম সমীর মন্ডল, রাকেশ মণ্ডল এবং স্বপন মন্ডল। প্রথম দুই জনের বাড়ি কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকায়। অপরজনের বাড়ি পুরাতন মালদা থানার ১৪ নম্বর ওয়ার্ডের তাঁরাকালি মোড় এলাকায়। ধৃতদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ৩০৮ গ্রাম ব্রাউন সুগার।
পুলিশ জানিয়েছে, স্বপন মন্ডল নামে ওই মাদক কারবারিকে অপর দুইজন সমীর মন্ডল এবং রাকেশ মণ্ডল প্লাস্টিকের প্যাকেট বন্দি এই ব্রাউন সুগার গুলি দিতে আসে। এই খবর গোপন সূত্রে পাওয়ার পরই পুরাতন মালদা থানার তদন্তকারী অফিসার শ্যামসুন্দর সাহা , গিয়াসউদ্দিন আহমেদ এবং দিলীপ হালদারের নেতৃত্বে একটি টিম তৈরি করা হয়।
শুক্রবার গভীররাতে সাহাপুর বাইপাস সড়ক এলাকায় সাদা পোশাকের ওই পুলিশ কর্তারা ফাঁদ পাতে । গভীর রাতে মোটরবাইক করে মাদক কারবারি সমীর মন্ডল এবং রাকেশ মণ্ডল অন্য আরেক মাদক কারবারি স্বপন মন্ডলকে ব্রাউন সুগারগুলি দিতে আসে। আর তখনই এই তিনজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

0 Comments