গতকাল রাত থেকে একটানা বৃষ্টিতে ডুবে গেল বাঁকুড়া শহর লাগোয়া দ্বারকেশ্বর নদের ভাদুল সেতু।  এরফলে বিচ্ছিন্ন হয়ে পড়ল দ্বারকেশ্বর নদের অপর পাড়ে থাকা সোনাতপল,  বালিয়াড়া সহ দশ বারোটি গ্রাম।




বাংলা মাসের হিসাবে বর্ষা শেষ।  কিন্তু বাস্তবে এখনো বিদায় নেয়নি বর্ষা।  গতকাল থেকে নিম্নচাপের জেরে বাঁকুড়া জেলায় নাগাড়ে চলছে বৃষ্টি।  কখনো ঝমঝমিয়ে মূষলধারে আবার কখনো ঝিরঝিরে বৃষ্টি।



আর তাতেই জলস্তর বেড়েছে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদে।  জলস্তর বাড়তেই জলের তলায় চলে গিয়েছে বাঁকুড়া শহর লাগোয়া ভাদুল সেতু।



এমনিতেই নিচু এই সেতুই বাঁকুড়া শহরের সঙ্গে দ্বারকেশ্বর নদের অপর পাড়ে থাকা বালিয়াড়া, সোনাতপল সহ দশ বারোটি গ্রামের একমাত্র যোগসূত্র।




ভাদুল সেতু জলের তলায় চলে যাওয়ায় সেই যোগসূত্র বিচ্ছিন্ন হয়ে গেছে।  বাধ্য হয়ে দশ বারো কিলোমিটার ঘুরে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকুড়া শহরে যাতায়াত করতে হচ্ছে ওই গ্রামগুলির বাসিন্দাদের।