শুক্রবার সকালে গাইঘাটা থানার অন্তর্গত এলাকা থেকে দুই বাংলাদেশিকে আটক করল পুলিশ। গাইঘাটা থানার আধিকারিক বলাই ঘোষ জানান, বাংলাদেশের যশোর মাগুরা জেলার মহম্মদপুর থানার অন্তর্গত শরিয়তপুরের বাসিন্দার বসির শেখের পুত্র মাহবুব শেখ (২১) ও মাহবুব শেখের স্ত্রী আসমা শেখ (২০) এই থানার অন্তর্গত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। 



এরপর পুলিশ তাদের দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় বাংলাদেশে তাদের বাড়ি। তাদের কাছে বৈধ কোনও কাগজপত্র পাওয়া যায়নি। এরপরেই পুলিশ তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। দেখা হচ্ছে তারা কেন বাংলাদেশ থেকে ভারতে এসেছেন! এদেশে আসার পেছনে কোনও অসৎ উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দুপুরে তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।




উল্লেখ্য, গাইঘাটা থানার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকা। আগামীকাল ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সকাল থেকেই এই থানা এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে। কোনও জঙ্গি সংগঠন অন্তর্ঘাতমূলক কাজের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। 




এদিকে কলকাতার রেড রোডে সেনাবাহিনী কুচকাওয়াজ করছে ক'দিন ধরেই। গত পরশু সেই কুচকাওয়াজ চলাকালীন একটি গাড়ি হঠাৎ পুলিশের ব্যারিকেড ভেঙে সেখানে ঢুকে পড়ে। অবশ্য কেউ হতাহত হননি। পুলিশের তরফ থেকে রাজ্যব্যাপী তাই শুরু হয়েছে নাকা চেকিং।