:-মিষ্টি জাতীয় খাবার কমবেশি সবারই পছন্দ। খাবারের পর ডেজার্ট হিসেবে বা নাশতার টেবিলে মিষ্টি জাতীয় খাবার অনেকেই পছন্দ করেন। বাড়িতে অতিথি আসলেও মিষ্টির দোকানে দৌড়াতে হয়। ইচ্ছে করলে আপনি নিজেই বাড়িতে বানাতে পারেন বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার। আজকে চলুন তবে জেনে নেওয়া যাক মিষ্টি জাতীয় খাবার কালোজাম তৈরির নিয়ম। আজকের রেসিপি সুজি-গুঁড়া দুধের কালোজাম।
উপকরণ:
গুঁড়া দুধ- ১ কাপ
সুজি- ২ টেবিল চামচ
ময়দা- ১ চা চামচ
বেকিং পাউডার- ১/২ চা চামচ
ডিম- ১টি
লিকুইড দুধ- প্রয়োজনমতো
রেড ফুড কালারিং- কয়েক ফোঁটা
তেল- ভাজার জন্যে
সিরার জন্য:
চিনি- ২ কাপ
পানি- ২ কাপ
এলাচি- ৪/৫টি
লেবুর রস- ১ চা চামচ
সিরা তৈরি পদ্ধতি:চিনি ও অল্প জল জ্বাল দিয়ে সিরা করতে দিন।
যেভাবে মিষ্টি বানাবেন-গুঁড়া দুধ, সুজি ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। তাতে ফেটানো ডিম ও ফুড কালার মিশিয়ে দিয়ে ডো তৈরি করুন। প্রয়োজনে লিকুইড দুধ দিন। ডো একটু নরম ও আঠালো করে করতে হবে। কারণ, সুজির জন্য কিছুক্ষণ পরেই ডো শুকনো হয়ে যায়। ডো করা হলে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘণ্টা রেখে দিন। আধা ঘণ্টা পর ডো শক্ত হয়ে গেলে আবার একটু লিকুইড দুধ মিশিয়ে ডো-টিকে ময়ান দিয়ে নিন। এবার ছোটো ছোটো বল বানিয়ে মৃদু থেকে মাঝারি আঁচে ভেজে নিন। সব ভাজা হলে চিনির সিরায় ৫-৭ মিনিট জ্বাল দিয়ে লেবুর রস মিশিয়ে ওভেন নিভিয়ে ঢাকনা দিয়ে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন মজাদার সুজি-গুঁড়া দুধের কালোজাম।
0 Comments