নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১৪মে:- গরম চলছে। মাঝে মাঝে বৃষ্টি একটু স্বস্তি দিলেও আবার যেই কে সেই। এই গরমে ফিট থাকাই দায় তো আবার স্টাইল! ভাবছেন স্টাইল তোলা থাক শীতের জন্য। কিন্তু তাহলে সামার স্টাইলের কী হবে? জেনে নিন আরামদায়ক ভাবেও কী ভাবে স্টাইলিশ থাকবেন গরমে। ওয়ার্ডরোবে রাখুন এই এক ডজন পোশাক।

১. শাড়ি: গরম মানেই সুতির শাড়ি। বাকি শাড়ির কথা ভুলেই যান। হালকা একরঙা সুতির শাড়ি, ভেজিটেবিল প্রিন্টের শাড়ি ছাড়া কলকাতার গরম ভাবাই যায় না। পারিবারিক অনুষ্ঠান, অফিস পার্টি, ক্যাজুয়াল, ফর্মাল, ডেট যে কোনও কিছুতেই মানানসই ব্লাউজের সঙ্গে পরে নিন সুতির হালকা শাড়ি।

২. ব্লাউজ: গরমে সযত্নে রাখুন নিজের ব্লাউজের সম্ভার। সুতির প্রিন্টেড ব্লাউজ, কালো স্লিভলেস ও হল্টার নেক ব্লাউজ কিন্তু গরমের ওয়ার্ডরোবে থাকতেই হবে।

৩. লিনেন কুর্তি: হালকা রঙের লম্বা ঝুলের লিনেন কুর্তি, সঙ্গে পালাজো বা লেগিংস। এই গরমে দারুণ আরাদায়ক এই পোশাকে স্টাইলিশ লাগবেই।

৪. কটন প্যান্টস: গরমে অফিসে ফর্মাল পরে যাওয়ার বাধ্য বাধকতা থাকলে কটন প্যান্টই সেরা চয়েস। সঙ্গে চলতে পারে কটন শার্ট বা ফর্মাল টপ। অফিস ছাড়া ক্যাজুয়াল দিনেও এই পোশাকে দিব্যি ঘুরে বেড়ানো যায় সারাদিন।

৫. কটন শার্ট বা টপ: সুতির ফর্মাল প্যান্টের সঙ্গে সুতির শার্ট বা টপ গরমে অফিসের জন্য আদর্শ পোশাক। এ ছাড়াও ক্যাজুয়াল পালাজো, স্কার্ট বা ডেনিমের সঙ্গে অনায়াসে গলিয়ে নিতে পারেন সুতির টপ।

৬. টি শার্ট: ভারতের আবহাওয়ায় সব ঋতুর সঙ্গে খাপ খায় কটন টি-শার্ট। সঙ্গের ডেনিম সকলের ওয়ার্ডরোবেই থাকে। এ ছাড়াও সুতির প্যান্ট, কেপ্রি বা স্কার্টের সঙ্গেও টি-শার্ট গরমের জন্য দারুণ কুল।

৭. স্কার্ট: প্রিন্টেড অথবা এক রঙা লং বা হাঁটু ঝুলের ক্যাজুয়াল স্কার্ট যেমন স্টাইলিশ, তেমনই এক রঙা বা চেক শর্ট ফর্মাল স্কার্ট অফিসের জন্য দারুণ স্মার্ট।

৮. পালাজো, হারেম বা শারারা: এই বছর গরমের ফ্যাশনে সবচেয়ে উপরে রয়েছে এই ধরনের সুতির ঢোলা প্যান্ট। লং কুর্তা, ঢোলা শার্ট বা স্প্যাগেটি যা খুশি পরতে পারেন সঙ্গে।

৯. সুতির কেপ্রি: গরমে সারা দিন কাটানোর জন্য ভীষণ আরামদায়ক সুতির কেপ্রি। পরিবারের সঙ্গে শপিং হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা। কেপ্রি সব কিছুতেই ফ্যাশনের রাজা।

১০. স্প্যাগেটি টপ: যেমন কমফর্টেবল, তেমনই স্টাইলিশ স্প্যাগেটি টপ। হট প্যান্টস, পালাজো বা স্কার্ট যে কোনও কিছুর সঙ্গেই সমান মানানসই।

১১. হট প্যান্টস: গরমের সবচেয়ে স্মার্ট পোশাক হট প্যান্টস। তেমনই আরাম দায়ক। সঙ্গে স্প্যাগেটি টপ, সুতির শার্ট বা টি-শার্ট যাই পরবেন তাতেই দারুণ স্টাইলিশ।

১২. কটন ড্রেস: গরম কালের সবচেয়ে সেক্সি পোশাক কটন ড্রেস। ডেটে যেতে হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা। কটন ড্রেস হলে কোনও কথাই নেই।