BJP-র কাছ থেকে চেক নিতে অস্বীকার করল দুষ্কৃতীদের গুলিতে নিহত BJP কর্মী সন্দীপ ঘোষের পরিবার। আজ বাবুল সুপ্রিয়, মুকুল রায় ও অন্য BJP নেতারা সন্দীপ ঘোষের বাড়িতে যান। পরিবারের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন। কিন্তু তারা তা ফিরিয়ে দেয়।
বাবুল সুপ্রিয়, মুকুল রায়রা এসে সন্দীপের বাবা বিজয় ঘোষের হাতে ৫ লাখ টাকার চেক দিতে চাইলে তিনি নেননি। এরপরে সন্দীপের মা ও পরে তাঁর দিদির হাতে চেক দিতে গেলে তাঁরা চেক নিতে অস্বীকার করেন।
কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন আমি ওদের পরিবারের সবচেয়ে ছোট অর্থাৎ সদ্বীপের বোনের ছেলের নামে পাঁচ লাখ টাকা স্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফিক্স ডিপোজিট করে দেব সমস্ত নথিপত্রের ছবি আমি নিয়েছি ।
BJP জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "তৃণমূল তাদের ২০ লাখ টাকা দিয়েছে। আরও সুবিধা দেওয়ার কথা বলেছে। লাগাতার পুলিশ ও শাসকদলের চাপের ওরা চেক নিতে অস্বীকার করছিল ।
সন্দীপ ঘোষের এক আত্মীয় বলেন, "আমরা টাকা চাই না। ছেলেটাকে চাই। দিতে পারবেন?" তিনি চেকের বদলে সুবিচারের দাবি জানান। যদিও চাপের অভিযোগ অস্বীকার করেছে মৃতের বাবা। তিনি বলেন, "আমাদের উপর কারও কোনও চাপ নেই। তৃণমূলের কোনও চাপ নেই। আমি কোনও রাজনীতি চাই না। আমি নিজেও রাজনীতি করেছি। তাই এখন আর রাজনীতি চাই না।"